ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে যেসব আলোচনা হলো
- আপডেট সময় : ০৫:১৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / 42
অনলাইন ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) লন্ডনের হোটেল ডোরচেস্টারে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে বৈঠকটি সাড়ে ৩টায় শেষ হয়।
বৈঠকে তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব রাখেন। এ প্রস্তাবকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও সমর্থন জানিয়েছেন।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বিস্তারিত জানান।
প্রধান উপদেষ্টা ইউনূস জানান, নির্বাচন আয়োজনের প্রাথমিক লক্ষ্য আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধ হলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৬ সালের রমজানের আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন সম্ভব। এ জন্য যথাযথ সংস্কার ও বিচার প্রক্রিয়ায় অগ্রগতি অপরিহার্য।
তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং ফলপ্রসূ আলোচনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে সমঝোতা ও আলোচনার অগ্রগতি নিয়ে ইতিবাচক বার্তা দেওয়া হয়।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে এবং নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে কোনো মতবিরোধ নেই।
শেখ হাসিনার হত্যাকাণ্ড এবং তাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করবে কি না, এমন প্রশ্নের উত্তরে খলিলুর রহমান বলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়ে যৌথ বিবৃতিতে স্পষ্টভাবে বলা আছে, নির্বাচনকালীন সময়ে এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে।














