সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দলই ডিসেম্বরেই নির্বাচন চায়: ড. ইউনূস
- আপডেট সময় : ১২:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- / 65
অনলাইন ডেস্ক:
চলতি বছর ডিসেম্বর মাসেই জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে সব রাজনৈতিক দল নয়, বরং একটি নির্দিষ্ট দলই চাপ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ মে) সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামের তৃতীয় দিনের সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আমি কেবল একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই।” তিনি আরও জানান, দেশের মানুষের ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন—এই তিনটি ক্ষেত্রেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। ডিসেম্বরেই নির্বাচন হবে কি না, তা নির্ভর করছে প্রয়োজনীয় সংস্কার কতদূর সম্পন্ন হয় তার ওপর। “ডিসেম্বরে নির্বাচন আয়োজন করতে হলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে, যা নির্বাচনের স্বচ্ছতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা চাই সুষ্ঠুভাবে সংস্কার সম্পন্ন করে আগামী জুনের মধ্যেই একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে,” যোগ করেন তিনি।
ড. ইউনূস বলেন, “অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমাদের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা।” এ সময় তিনি বাংলাদেশের মানবিক রোহিঙ্গা সহায়তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশগ্রহণের কথাও তুলে ধরেন।
এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় শান্তি, আস্থা ও অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরে ড. ইউনূস বলেন, “ভবিষ্যৎ নির্ধারিত হবে শুধু জিডিপির পরিসংখ্যান দিয়ে নয়, বরং মানুষের কল্যাণ, পারস্পরিক আস্থা এবং সাহসিকতার ওপর ভিত্তি করে।” একই সঙ্গে তরুণদের চাকরি খোঁজার পরিবর্তে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।














