নির্বাচন ও সংস্কারে রোডম্যাপ চায় জামায়াত
- আপডেট সময় : ০৫:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / 68
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে দুটি বিষয়ের স্পষ্ট রূপরেখা বা রোডম্যাপ চাওয়া হয়েছে।
শনিবার রাতে যমুনা সরকারি বাসভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “প্রথমেই আমরা বলেছি, নির্বাচন কখন হবে, সেটি নিয়ে জনগণকে কোনো অনিশ্চয়তার মধ্যে না রেখে নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি ‘কমফোর্টেবল টাইম’ বেছে নিতে হবে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়। দ্বিতীয়ত, আমরা জোর দিয়েছি, নির্বাচনের আগে কিছু দৃশ্যমান সংস্কার ও বিচারের অগ্রগতি জনগণের সামনে আনতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণ তাদের প্রত্যাশার প্রতিফলন খুঁজে পাবে না।”
তিনি আরও বলেন, “সব সংস্কার একসঙ্গে করা সম্ভব নয়, আমরা তা বুঝি। তবে মাত্র পাঁচটি সুনির্দিষ্ট বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। সেগুলোই অন্তত সন্তোষজনকভাবে সমাধান করতে হবে।”
এদিকে, উপদেষ্টাদের পদত্যাগ ইস্যুতে জামায়াত আমির স্পষ্ট জানিয়ে দেন, “আমরা কারো পদত্যাগ চাইনি।”
এই বৈঠক ও জামায়াতের দাবি দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, প্রধান উপদেষ্টা জনগণকে এই দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ের নির্ভরযোগ্য রোডম্যাপ কত দ্রুত উপহার দেন।














