মেয়র পদে ইশরাকের শপথ আটকাতে আপিলে যাবেন রিটকারী
- আপডেট সময় : ০৫:১৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / 46
অনলাইন ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
বৃহস্পতিবার (২২ মে) তিনি সাংবাদিকদের বলেন, “আদালতের আদেশে আমরা সংক্ষুব্ধ। তাই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি।”
এর আগে, হাইকোর্ট এক আদেশে রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। আদালত উল্লেখ করেন, “রিটটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়।” আদালতের এই পর্যবেক্ষণের ফলে ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
উল্লেখ্য, নির্বাচনে জয়লাভের পর গেজেট প্রকাশিত হলেও এখন পর্যন্ত ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে শপথ পড়ানো হয়নি। এ নিয়ে আদালতে রিট দায়ের করা হয়, যা বৃহস্পতিবার খারিজ করে দেন হাইকোর্ট।
ইশরাকের আইনজীবীরা বলেন, “এই আদেশ আইনের শাসনের বিজয় এবং জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধা জানানো হলো। এখন আর কোনো বাধা নেই তার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণে।”














