শেখ হাসিনার হলফনামায় গরমিল: ব্যবস্থা নিতে ইসিকে দুদকের চিঠি
- আপডেট সময় : ১২:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / 57
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ২০০৮ সালের নির্বাচনে দাখিল করা হলফনামায় আয়-সম্পদের গরমিল ধরা পড়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২২ মে) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, শেখ হাসিনার নির্বাচনী হলফনামা ও আয়কর বিবরণীতে উল্লেখিত সম্পদের মধ্যে গরমিল রয়েছে। বিশেষ করে প্রায় ২২ একর জমি ও একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ির তথ্য গোপনের প্রমাণ মিলেছে।
দুদক চেয়ারম্যান বলেন, “এখানে দুটি দিক আছে। একদিকে হলফনামায় মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ যা নির্বাচন কমিশনের আওতাধীন, সেজন্য ইসিকে আইনগত ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে, সম্পদের গোপনের বিষয়ে দুদক আলাদাভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”
তিনি আরও জানান, অনুসন্ধানে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী ধাপে দুদক আইনের আওতায় কার্যক্রম চলবে। তবে বিষয়টি সময়সাপেক্ষ হলেও, যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।
দুদকের এই পদক্ষেপ নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।














