ভূমি উন্নয়ন কর আদায় বৃদ্ধি, ডিজিটাল সেবায় আয় প্রতিদিন ১২ কোটি টাকা ছাড়ালো
- আপডেট সময় : ১১:৫৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / 60
মনোযোগ প্রকাশ ডেস্ক:
ভূমি উন্নয়ন কর আদায়ের পরিমাণ গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি টাকা ভূমি কর আদায় হচ্ছে বলে জানিয়েছেন ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ। তিনি এই তথ্য জানান ভূমি মেলা উপলক্ষে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে।
ভূমি সচিব বলেন, কর আদায় বাড়াতে মেলার আয়োজন করা হয়েছে। পূর্বে দুর্নীতি, অনিয়ম ও হয়রানির কারণে সাধারণ মানুষ অফিসে এসে ভূমি কর দিতে অনিচ্ছুক থাকলেও, এখন ডিজিটাইজেশনের ফলে ঘরে বসে কর প্রদান সম্ভব হয়েছে। পাশাপাশি ভূমি সহায়তা কেন্দ্রেও কর পরিশোধের সুবিধা রয়েছে।
এএসএম সালেহ আহমেদ আরও জানান, এখন পর্যন্ত ৫ কোটি ৭০ লাখ হোল্ডিং ডাটা ম্যানুয়াল থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে। এছাড়াও অনলাইনে দাখিলার সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। সার্ভার সচল থাকলে প্রতিদিন ১০ থেকে ১২ কোটি টাকার ভূমি কর আদায় করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, ই-পর্চার মাধ্যমে প্রতিদিন সরকার কোষাগারে প্রায় ১৪ থেকে ১৮ লাখ টাকা জমা পড়ছে। চলতি বছরের জুলাই থেকে মে পর্যন্ত এ খাতে সরকারের আয় প্রায় ৪৫ কোটি টাকা হয়েছে। আর নামজারি সিস্টেম থেকে গত এক বছরে মোট ২৯০ কোটি ২২ লাখ টাকা আদায় করা হয়েছে।
এই ডিজিটাল উদ্যোগের ফলে ভূমি উন্নয়ন কর আদায়ে ব্যাপক স্বচ্ছতা ও বৃদ্ধি আসার প্রত্যাশা করছেন ভূমি সচিব।














