আসিফ ও মাহফুজ পদত্যাগ না করা পর্যন্ত কর্মীদের রাস্তায় থাকার নির্দেশ ইশরাকের
- আপডেট সময় : ০৭:৩৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / 56
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি দলের নেতাকর্মীদেরকে রাজপথে থেকে আন্দোলন আরও বিস্তৃত করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই নির্দেশনা দেন।
স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, “আন্দোলনকারী ভাইদের বলবো, এইসব মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলেছে, লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।”
উল্লেখ্য, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শিক্ষাঙ্গনের প্রতিনিধি হিসেবে যুক্ত হওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের অংশগ্রহণ নিয়ে বিতর্ক দেখা দেয়। ছাত্র রাজনীতির অতীত ঘনিষ্ঠতা ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলন শুরু করে বিএনপি ও তাদের সমর্থকরা।
এর আগে, হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে রায় দেন। সেই রায়ের পরপরই নগর ভবন ও মৎস ভবনের সামনে অবস্থান নেন তার সমর্থকেরা।















