সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ ছাত্রদলের, স্থবির রাজধানীর যান চলাচল
- আপডেট সময় : ০৭:০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / 45
জৈষ্ঠ্য প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল শাহবাগ। রাজধানীর এই গুরুত্বপূর্ণ মোড়ে বৃহস্পতিবার সকাল থেকেই অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের গণজমায়েতের কারণে সকাল ১০টার পর থেকে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, রাজধানীর নাভিমূলে জমে ওঠে প্রতিবাদের স্রোত।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী রাজপথে অবস্থান নেন। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। পতাকা, প্ল্যাকার্ড আর মুখে একটাই দাবি-“সাম্য হত্যার বিচার চাই।”
সভাপতি রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “আমরা এখনও সাম্য হত্যার বিচারের কোনো আশ্বাস কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে। তাই আমরা রাজপথে নেমেছি।”
তিনি জানান, এই অবস্থান কর্মসূচি বিকেল ৫টা পর্যন্ত চলবে।
উল্লেখ্য, গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমি সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্য। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলেও হত্যার মূল পরিকল্পনাকারীদের শনাক্ত ও বিচার নিয়ে প্রশ্ন তুলছেন ছাত্রদল নেতারা।
এক তরুণ ছাত্রনেতার রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, আর তার সুবিচারের জন্য আজ যেন গোটা শাহবাগ দাঁড়িয়ে গেছে নীরব কষ্টে, ন্যায়ের আহ্বানে।














