তদবির বাণিজ্যের অভিযোগে উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম দুদকের জিজ্ঞাসাবাদে
- আপডেট সময় : ০৬:৫২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / 61
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতার প্রভাবকে পুঁজি করে তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে মোয়াজ্জেম হোসেন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন। পরে দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
দুদক সূত্রে জানা গেছে, উপদেষ্টার ঘনিষ্ঠ হওয়ার সুযোগে মোয়াজ্জেম হোসেন দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে তদবির বাণিজ্য চালিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি সরকারি প্রকল্পে অনৈতিক প্রভাব খাটিয়ে নানা অনিয়মের মাধ্যমে অঢেল সম্পদ গড়ে তোলেন।
সম্প্রতি এসব অভিযোগ গণমাধ্যমে উঠে আসলে প্রশাসনের উচ্চপর্যায়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
দুদক জানিয়েছে, মোয়াজ্জেম হোসেনের ব্যাংক হিসাব, সম্পদ বিবরণী ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা শুধু প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতাই নয়, বরং উচ্চপদস্থ কর্মকর্তাদের সহকারী পদে থাকা ব্যক্তিদের আচরণ নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তাও তুলে ধরে।
দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রয়োজনে মোয়াজ্জেম হোসেনকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতিও চলছে।














