ইশরাক সমর্থকদের বিক্ষোভে ডিএসসিসির নাগরিক সেবা সম্পূর্ণ বন্ধ
- আপডেট সময় : ০৪:৪৪:২০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / 51
বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের লাগাতার বিক্ষোভ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারী ইউনিয়নগুলোর কর্মবিরতির কারণে বর্তমানে সংস্থাটির সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে।
বুধবার (২১ মে) ডিএসসির প্রশাসক মো. শাহজাহান মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “গত কয়েকদিন ধরেই নগর ভবনের ভেতরের সব নাগরিক সেবা বন্ধ রয়েছে। আজ (বুধবার) নগর ভবনের বাইরের আঞ্চলিক কার্যালয়গুলোও বন্ধ রয়েছে। ফলে আমরা এখন কোনো ধরনের নাগরিক সেবা প্রদান করতে পারছি না।”
এই অচলাবস্থার বিষয়ে কর্মচারী ইউনিয়নের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।”
প্রসঙ্গত, বিএনপির নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবিতে গত এক সপ্তাহ ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ চালিয়ে আসছেন তার সমর্থকরা। তাদের অবস্থান কর্মসূচির কারণে নগর ভবন তালাবদ্ধ হয়ে রয়েছে। একইসঙ্গে কর্মচারী ইউনিয়নগুলোও কর্মবিরতিতে রয়েছে। ফলে নাগরিক সেবার সব কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
এই সেবাবিরতির কারণে নাগরিকদের বর্জ্য অপসারণ, ট্রেড লাইসেন্স নবায়ন, কর প্রদান, জন্ম-মৃত্যু সনদসহ সব ধরনের সেবা ব্যাহত হচ্ছে। নগরবাসীর ভোগান্তি দিন দিন বাড়ছে বলে অভিযোগ উঠেছে।














