জবি শাটডাউন, চার দফা দাবিতে কাকরাইলে শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন আজ
- আপডেট সময় : ০২:২১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / 62
ক্যাম্পাস প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও শিক্ষার্থীরা চার দফা দাবিতে আবারও রাজপথে নেমেছেন। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে জবি ঐক্যের পক্ষ থেকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছউদ্দীন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের ঘোষণা দেন। একইসঙ্গে, আজ শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় কাকরাইল মসজিদের সামনের সড়কে সমাবেশ এবং জুমার নামাজের পর থেকে গণঅনশন শুরু করার কর্মসূচি ঘোষণা করা হয়।
আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ও বৃত্তি নিশ্চিত করা, পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তদন্ত ও দায়ীদের শাস্তি। অধ্যাপক রইছউদ্দীন বলেন, “আমরা অধিকার জানাতে এসেছি। আমাদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে পুলিশ। এটি অরাজকতা ও অন্যায়। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না।”
এর আগে, ১৪ মে (বুধবার) দুপুরে তিন দফা দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র উদ্দেশ্যে লংমার্চ শুরু করলে কাকরাইলে পুলিশের বাধার মুখে পড়েন। ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন বহু শিক্ষক ও শিক্ষার্থী।
এই ঘটনার প্রতিবাদে জবি পরিবার ১৪ মে দিনটিকে ‘কালো দিন’ হিসেবে ঘোষণা করে এবং আন্দোলনের নতুন মাত্রা শুরু হয়। এরপর থেকেই কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান করছেন আন্দোলনকারীরা এবং রাতেও সেখানেই রাত্রিযাপন করছেন।
আন্দোলনকারীরা বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা হবে না। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত এই আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকছে।














