১ কোটি সদস্য সংগ্রহে মাঠে বিএনপি, কারা হতে পারবেন নতুন সদস্য?
- আপডেট সময় : ০৭:৫২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / 44
নিজস্ব প্রতিবেদক:
নতুন করে রাজনীতির মাঠে শক্তি সঞ্চয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি ঘোষণায় জানিয়েছে, তারা আগামী ১৫ মে থেকে শুরু করতে যাচ্ছে দুই মাসব্যাপী সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম, যার মাধ্যমে অন্তত ১ কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য স্থির করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে এই সদস্য সংগ্রহ অভিযান।
রিজভী বলেন, “বহু তরুণ, মেধাবী ও সজ্জন মানুষ বিএনপির রাজনীতিতে যুক্ত হতে চান। ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের সময় তারা গ্রেফতারের ভয়ে প্রকাশ্যে আসতে পারেননি। এখন তারা দলটির সদস্য হতে পারবেন।”
তিনি আরও বলেন, “অনেকেই আছেন, যারা এক সময় আওয়ামী লীগ করতেন। কিন্তু দলটির দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটে বিরক্ত হয়ে সরে এসেছেন। তারাও যদি আমাদের আদর্শে আস্থা রাখেন, তবে বিএনপির সদস্য হতে পারবেন।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে রিজভী জানান, তিনি ভালো আছেন।
বিএনপির এই সদস্য সংগ্রহ কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম নিয়েছে। দেশের তরুণ প্রজন্মের রাজনৈতিক ঝোঁক, অতীত দলবদলকারী নেতাকর্মীদের ভূমিকা ও দলের অভ্যন্তরীণ গঠনপুনর্গঠন প্রক্রিয়া, সব মিলিয়ে আগামী দিনগুলোতে বিএনপির রাজনৈতিক কৌশল এখন বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে।














