ভারত-পাকিস্তান উত্তেজনায় সংযমের আহ্বান তারেক রহমানের
- আপডেট সময় : ০৪:৫৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 95
মনোযোগ প্রকাশ ডেস্ক:
ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৭ মে) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি সামরিক হামলার নিন্দা জানান এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান।
বিবৃতিতে তারেক রহমান বলেন, “প্রতিবেশী অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করি।” তিনি বলেন, “আমরা অংশীদারদের প্রতি সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য গঠনমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “অভিন্ন স্বার্থ ও আকাঙ্ক্ষার ভিত্তিতে গঠিত একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চল এই অঞ্চলের সকল মানুষের মঙ্গলের জন্য অত্যন্ত জরুরি।”
উল্লেখ্য, সম্প্রতি সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুটি পরমাণু শক্তিধর দেশের এমন উত্তেজনাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহল।
এই প্রেক্ষাপটে তারেক রহমানের সংযমের আহ্বান শান্তিপূর্ণ সমাধানের পক্ষে একটি দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান হিসেবে দেখা হচ্ছে।














