বিমানবন্দর দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাকে ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক
- আপডেট সময় : ০৯:৪৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 65
স্টাফ করেসপন্ডেন্ট:
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আগামী ৮ মে তাকে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হতে বলা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধাসদনে পাঠানো হয়েছে। এতে বলা হয়, ক্ষমতায় থাকাকালীন বিমানবন্দর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে এই তলব করা হয়েছে।
দুদকের একটি সূত্র জানায়, তলবে সাড়া না দিলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন। কারণ, এ মামলায় তিনি ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানার আসামি।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে হযরত শাহজালাল, শাহ আমানত ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি উন্নয়ন প্রকল্পে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করে দুদক। এতে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমানসহ মোট ১৯ জনকে আসামি করা হয়।
এই মামলায় দুর্নীতির মূল হোতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসায় তদন্তের অংশ হিসেবে তাকে সরাসরি জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
ঘটনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানান আলোচনা ও প্রতিক্রিয়া।














