চার মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া
- আপডেট সময় : ০৯:৩৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 46
স্টাফ রিপোর্টার:
দীর্ঘ চিকিৎসা-অবসান শেষে চার মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, “বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে। এখন তিনি গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হবেন।”
খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল থেকেই বিমানবন্দরের বাইরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর ভিড় দেখা যায়। নির্ধারিত সময়ের বহু আগেই তারা সেখানে জড়ো হন। নেতাকর্মীদের চোখেমুখে ছিল প্রিয় নেত্রীর প্রত্যাবর্তনের উচ্ছ্বাস ও আবেগ।
এদিকে, সাবেক এই প্রধানমন্ত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, খালেদা জিয়া গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান। লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ব্যক্তিগত উদ্যোগে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠান, যার মাধ্যমেই তিনি যুক্তরাজ্যে যান এবং পরে একই বিমানে দেশে ফেরেন।
দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মতে, খালেদা জিয়ার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তারা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আশাবাদী।














