১৭ বছর পর দেশে ফিরলেন ডা. জোবাইদা রহমান
- আপডেট সময় : ০৪:০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 47
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমান। শাশুড়ি, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে একই ফ্লাইটে তিনি বাংলাদেশে আগমন করেন।
সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে শিক্ষা ছুটি নিয়ে স্বামী তারেক রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনে পাড়ি জমান ডা. জোবাইদা রহমান। এরপর টানা ১৭ বছর প্রবাস জীবন শেষে এই প্রথমবারের মতো দেশে ফিরলেন তিনি।
উল্লেখ্য, ওই বছর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়েরকৃত মামলায় তারেক রহমান, ডা. জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। মামলায় ২০২৩ সালের এক রায়ে ডা. জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরিপ্রেক্ষিতে আদালতের প্রদত্ত সাজা স্থগিত করা হয়।
দেশে ফিরে তিনি রাজধানীর ধানমন্ডিস্থ পৈতৃক নিবাস ‘মাহবুব ভবনে’ অবস্থান করবেন। প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের এই বাসভবনকে ঘিরে ইতোমধ্যে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির চারপাশে বসানো হয়েছে সিসি ক্যামেরা, নির্মিত হয়েছে নির্ধারিত গার্ড রুম। পাশাপাশি সশস্ত্র পুলিশ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ) সদস্যরা দায়িত্ব পালন করবেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, নিরাপত্তাব্যবস্থা জোরদারে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে একটি লিখিত অনুরোধ পাঠানো হয়েছে, যাতে মাহবুব ভবনে আর্চওয়ে স্ক্যানার স্থাপন করা যায়। পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও ইতোমধ্যে বাসভবনটি পরিদর্শন করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা ডা. জোবাইদা রহমান লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি সম্পন্ন করেন। ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। তার জন্ম সিলেট জেলায়। পিতা মাহবুব আলী ছিলেন মুক্তিযুদ্ধকালীন নৌবাহিনীর প্রধান এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী তার চাচা।
দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফিরে আপাতত কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন না ডা. জোবাইদা রহমান। তিনি অসুস্থ মায়ের সান্নিধ্যে থেকে পারিবারিক দায়িত্ব পালনে মনোযোগ দেবেন।
ডা. জোবাইদা রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিএনপি নেতৃত্বের ভবিষ্যৎ কাঠামো ও জাতীয় রাজনীতির গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তবে আপাতত তিনি থাকছেন রাজনীতি থেকে দূরে, পারিবারিক পরিসরে।














