সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন
- আপডেট সময় : ০৯:০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 54
মনোযোগ প্রকাশ ডেস্ক:
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং মতপ্রকাশের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, এসব ক্ষেত্রে চলমান সংস্কার কার্যক্রমে ইইউ’র সমর্থন রয়েছে।
সোমবার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মাইকেল মিলার বলেন, “নির্বাচন কবে হবে, সেটা একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমরা সবধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপের কিছু দেশের ভিসা তৃতীয় দেশ হয়ে নিতে হয়—এ প্রসঙ্গে তিনি বলেন, “এই প্রক্রিয়ায় অনেক সমস্যার কথা আমরা শুনেছি। কিভাবে এসব সমস্যা সমাধান করা যায়, সে বিষয়ে কাজ চলছে।”
টাকা পাচার প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া একটি জটিল বিচারিক প্রক্রিয়া। এ ধরনের প্রক্রিয়ায় সাধারণত কয়েক বছর সময় লাগে।”
অনুষ্ঠানে রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে ইইউ’র সম্পর্ক আরও দৃঢ় করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। সে লক্ষ্যেই আমরা একসঙ্গে কাজ করতে চাই।”














