হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা, যুবলীগ নেতাসহ আটক ৫৪
- আপডেট সময় : ০৮:১৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 51
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ ৫৪ জনকে আটক করেছে পুলিশ। তবে সোমবার (৫ মে) সকাল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কর্মকর্তারা।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান সকালে এক বক্তব্যে বলেন, “যে সরকারকে তারা বিদায় করেছেন, সেই সরকারের লোকজনই এই হামলার সঙ্গে জড়িত। তারা নানা ইস্যু তৈরি করতে এই হামলা চালিয়েছে।” তিনি জানান, হামলার পর থেকেই পুলিশের একাধিক দল হামলাকারীদের শনাক্ত করে আটকে অভিযান শুরু করে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার হামলার পরপরই গাজীপুর মহানগরের বাসন এলাকা থেকে ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা নিজাম উদ্দিন ও কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দিপুকে আটক করা হয়। পরে রাতভর অভিযান চালিয়ে আরও ৫২ জনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটকদের অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। তবে হামলার পেছনে সুনির্দিষ্ট কারণ বা উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণাধীন বলেও জানিয়েছে পুলিশ।














