পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড: জুয়ার প্রচারণায় হ্যাকারদের ব্যবহার, তদন্তে নেমেছে সরকার
- আপডেট সময় : ০৫:৩৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 57
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজ সাইবার হামলার শিকার হয়েছে। শনিবার (৩ মে) রাত সোয়া ৮টার দিকে পেজটি হ্যাক করে জুয়ার প্রচারণামূলক একটি ভিডিও লাইভ সম্প্রচার করে হ্যাকাররা। বিষয়টি শনাক্ত করার পর দ্রুত পদক্ষেপ নিয়ে পেজটি বন্ধ করে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইন্দোনেশিয়া থেকে পরিচালিত একটি সাইবার গ্রুপ এই হামলার পেছনে থাকতে পারে। পেজ হ্যাক করার পর ‘বাহাসা’ (ইন্দোনেশিয়ান ভাষা) ব্যবহার করে বিভিন্ন জুয়ার বিজ্ঞাপন চালানো হয়। ধারণা করা হচ্ছে, ভাষার এই কৌশল ব্যবহার করে হ্যাকাররা নিজেদের পরিচয় গোপন রাখার চেষ্টা করেছে।
হ্যাকিংয়ের কিছুক্ষণের মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া টিম বিষয়টি শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেজটি অফলাইনে নেওয়ার ব্যবস্থা করে। রাত সাড়ে ৮টার মধ্যেই মন্ত্রণালয়ের পেজ বন্ধ হয়ে যায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, “পেজটি বর্তমানে রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে। আমরা পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি।” মন্ত্রণালয় আরও জানিয়েছে, ফেসবুক পেজটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য ভেরিফায়েড মাধ্যমেই তথ্য সরবরাহ চলবে।
এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ মন্তব্য না করলেও, অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে একটি দায়িত্বশীল সূত্র।
বিশেষজ্ঞরা বলছেন, এমন সাইবার হামলা সরকারের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ জরুরি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কবার্তায় জানায়, পেজটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ব্যবহারকারীদের কোনো পোস্টে লাইক, শেয়ার বা মন্তব্য না করার জন্য অনুরোধ করা হয়েছে।
সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, দেশের সব সরকারি দপ্তরের ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপত্তা এখন সময়োপযোগীভাবে হালনাগাদ ও শক্তিশালী করা জরুরি।














