মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- আপডেট সময় : ০১:১৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / 59
মনোযোগ প্রকাশ ডেস্ক:
অভিনয় জগতের পরিচিত মুখ, নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
এই মামলার বাদী নিশি ইসলাম, শাওনের বাবার দ্বিতীয় স্ত্রী। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, বিয়ের পর থেকেই শাওন ও তার ভাইবোনেরা তাকে মেনে নিতে পারেননি। একপর্যায়ে তারা শুধু মানসিক নিপীড়নেই থেমে থাকেননি, শারীরিক নির্যাতনের পথও বেছে নেন। এমনকি প্রভাব খাটিয়ে তাকে ছয় মাসের জন্য কারাগারে পাঠানোর অভিযোগও উঠেছে।
মামলায় শাওনের পাশাপাশি আসামি করা হয়েছে ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ মোট ১২ জনকে। শুনানিতে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য আদালতের সামনে স্বীকার করেন, তৎকালীন ওসির নির্দেশে তারা নিশিকে আটক করেন এবং নির্যাতনের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
তবে প্রধান আসামি শাওনসহ অন্যান্য অভিযুক্তরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।
আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করে নিশি ইসলাম বলেন, “আমরা সত্যের জয় চাই। শাওন তার তারকাখ্যাতি ও প্রভাব ব্যবহার করে শুধু আমাদের দমিয়ে রাখেনি, বরং নিষ্ঠুরতার সীমাও অতিক্রম করেছে।”
প্রসঙ্গত, ২০২৪ সালের শুরুতে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়ায় বিয়ের জন্য বিজ্ঞাপন দেন। সেই সূত্রে তার সঙ্গে নিশি ইসলামের পরিচয় ও পরবর্তী সময়ে বিয়ে হয়। এই সম্পর্ক শাওনের কাছে ছিল যেন এক অঘোষিত অপরাধ, যার শাস্তি পেতে হয়েছে তার বাবাকে এবং নতুন স্ত্রী নিশিকে।














