জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি ৬ মে
- আপডেট সময় : ০৮:৪৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / 60
মনোযোগ প্রকাশ ডেস্ক:
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি আগামী ৬ মে নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদেশে বলা হয়, ৬ মে আপিল বিভাগের কার্যতালিকায় এটিএম আজহারের আপিল শুনানি অগ্রাধিকার ভিত্তিতে তালিকার শীর্ষে রাখা হবে।
এর আগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি দেশের সর্বোচ্চ আদালত মানবতাবিরোধী অপরাধ মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির অনুমতি দেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ ওই আদেশ দেন। একইসঙ্গে আসামিপক্ষকে দুই সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ দাখিলের নির্দেশ দেওয়া হয়। আজ (২২ এপ্রিল) শুনানির তারিখ নির্ধারিত থাকলেও আদালত নতুন করে আগামী ৬ মে দিন ধার্য করেন।
উল্লেখ্য, একাত্তরের মহান মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আপিল শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড বহাল রাখেন। ওই রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করলে ২০২০ সালের ১৯ জুলাই তা গ্রহণ করেন আদালত। রিভিউ আবেদনের পর এবারই প্রথম মূল আপিল শুনানির সুযোগ পেলেন এটিএম আজহারুল ইসলাম।














