তরুণদের পেছনে ফেলে রাখা যাবে না: দোহা সম্মেলনে ড. ইউনূস
- আপডেট সময় : ০৮:২৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / 56
মনোযোগ প্রকাশ ডেস্ক:
বিশ্বজুড়ে চলমান বহুমাত্রিক সংকটের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিশীল ও টেকসই পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি গ্রহ রেখে যেতে হবে, যা হবে সবুজ, টেকসই, জ্ঞান-উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর এবং সর্বজনীন স্থায়িত্বের নিশ্চয়তা দেবে।”
মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রফেসর ইউনূস আরও বলেন, “আজকের তরুণরা এই গ্রহের উত্তরাধিকারী। আমরা তাদের পেছনে ফেলে রাখতে পারি না। আমি নিজে যুবসমাজের মধ্যে নাগরিক জাগরণের রূপান্তরমূলক শক্তি প্রত্যক্ষ করেছি, যা জনগণের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নকে ত্বরান্বিত করে।”
এর আগে কাতারে পৌঁছালে প্রফেসর ইউনূসকে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়। কাতার সরকারের প্রটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তিনি এ সফরে গেছেন। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।














