ড. ইউনূসকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে পিকিং বিশ্ববিদ্যালয়
- আপডেট সময় : ০৬:৩৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / 99
চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৯ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত এক বিশেষ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
ডিগ্রি গ্রহণের পর শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন ড. ইউনূস। সেখানে তিনি বলেন, “আমি যে নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়েছি, সেখানে দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার। তবে এ পথে রয়েছে অসংখ্য চ্যালেঞ্জ, যা কাটিয়ে ওঠার জন্য দেশের উন্নয়নে সব নাগরিকের সক্রিয় অংশগ্রহণ জরুরি।”
তিনি আরও বলেন, “আমার দেশের অসংখ্য তরুণ উন্নয়নের সুযোগের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছে। তবে অর্থনৈতিক ব্যবস্থার বৈষম্যের কারণে তারা বারবার পিছিয়ে পড়ছে। এটি বাংলাদেশের জনগণের সমস্যার মূল কারণ।”
চার দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার চীন পৌঁছান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন এবং তিস্তা নদী উন্নয়ন প্রকল্পসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া, বৃহস্পতিবার তিনি বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য রাখেন, যেখানে এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান পিকিং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ড. ইউনূসের দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও সামাজিক ব্যবসার ক্ষেত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।














