বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সুদৃঢ়: ১টি চুক্তি ও ৮ সমঝোতা স্মারক স্বাক্ষর
- আপডেট সময় : ১১:৪৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / 95
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চার দিনের চীন সফরের তৃতীয় দিনে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তির মধ্যে রয়েছে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি। পাশাপাশি দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এসব সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃষ্টি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও তথ্য বিনিময়, গণমাধ্যম সহযোগিতা, ক্রীড়া খাতে উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা।
এছাড়া, প্রধান উপদেষ্টার সফরে দুই দেশের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এগুলো হলো—বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু করা, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ, একটি রোবটিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এই বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। এছাড়া, অধ্যাপক ইউনূস প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘বিনিয়োগ সংলাপে’ অংশ নেন।
এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহণ ও সেতু; এবং রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং প্রেস সচিব শফিকুল আলম।














