হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন বাকৃবির শিক্ষার্থী
- আপডেট সময় : ১২:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / 264
বাকৃবি প্রতিবেদক: হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতকোত্তর অধ্যয়নরত শিক্ষার্থী শিবলী সাদিক শাহ।
রবিবার (৬ আগস্ট) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহ-ধমির্ণী আনিকা তাসনিম পূর্বা।
স্বামীর মৃত্যুতে শোকাহত আনিকা তাসনিম পূর্বা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ‘আমার জীবনের সবচেয়ে খারাপ দিন আগস্ট মাসের ৬ তারিখ। আমি হারালাম আমার জীবনসঙ্গী, আমার শ্রেষ্ঠ বন্ধু, আমার প্রিয়তম, আমার ভালোবাসার মানুষ আমার শিবলীকে। বাবা-মা হারালো তাদের ছেলে, বোন হারালো তার ভাইকে আর আমার সাড়ে ৮ মাসের ছোট্ট শাহান বাবা শব্দের মানে বোঝার আগেই হারিয়ে ফেললো তার বাবাকে। শিবলী একজন চমৎকার মানুষ ছিলেন, আমার ভালো স্বামী আর বাচ্চার ভালো বাবা।’
মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। তিনি শিবলীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শিবলীর অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন সহপাঠী, বাকৃবি ডিবেটিং সংঘের সদস্যগণসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, কর্মচারী পরিষদসহ অনেক সংগঠনই।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাকৃবির কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগে এপ্রিল-সেপ্টেম্বর’ ২২ শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে অধ্যয়নরত ছিলেন শিবলী। ভেটেরিনারি অনুষদ থেকে ভেটেরিনারি অব মেডিসিন ডিগ্রি সম্পন্ন করেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ওই শিক্ষার্থী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব হলের আবাসিক ছাত্র ছিলেন শিবলী। পড়ালেখার পাশাপাশি তিনি একজন স্বনামধন্য বিতার্কিক ছিলেন। বাকৃবি ডিবেটিং সংঘের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি। শিবলীর বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার নওখির গ্রামে।
আজ সোমবার (৭ আগস্ট) দুপুরে তাকে নিজ গ্রামে সমাধিস্থ করা হয়।
ঢাকা, ৭ আগস্ট (মনোযোগ প্রকাশ.কম)//এমজেড













