জামালপুরে ৪০ বছরের অবহেলায় পাকা হয়নি শেখার ভিটা মাদ্রাসা গলির রাস্তা (ভিডিও)
- আপডেট সময় : ০৯:৪৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / 71
মোঃ ইব্রাহিম খান, জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের শেখার ভিটা মাদ্রাসা গলি রাস্তা দীর্ঘ ৪০ বছরেও পাকা হয়নি। চার দশকেরও বেশি সময় ধরে অবহেলিত এ সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও শিক্ষকরা। বর্ষা মৌসুমে কাদায় একাকার হয়ে যায় রাস্তাটি, শুকনো মৌসুমে ধুলার দাপটে নাকাল হতে হয় সবাইকে। বর্ষায় রাস্তায় নোংরা পানি জমে থাকে, সঙ্গে বাসাবাড়ির বর্জ্য মিশে দুর্গন্ধ ছড়ায় এবং মশার বংশবিস্তার বাড়িয়ে ডেঙ্গুর ঝুঁকি তৈরি করে।
স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে রাস্তায় ইটের সলিং করা হলেও তা অনেক আগেই ভেঙে গেছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, আর নামমাত্র যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সেটি পরিণত হয়েছে মশা বংশবিস্তারের অভয়ারণ্যে। প্রতিদিন শতাধিক শিক্ষার্থী এই রাস্তা দিয়ে যাতায়াত করে, যা বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির সময় হাঁটু পর্যন্ত পানির মধ্যে দিয়ে চলতে হয়, ফলে জামা-কাপড় ও বইপত্র ভিজে নষ্ট হচ্ছে। যানবাহন চালকরাও এই রাস্তা দিয়ে যেতে অনীহা প্রকাশ করেন।
এলাকাবাসীর অভিযোগ, বহুবার জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচনের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে কেউ আর খোঁজ নেন না।
শেখার ভিটা মাদ্রাসার এক শিক্ষক বলেন, “আমরা শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছি, কিন্তু শিক্ষার্থীরা প্রতিদিন যেন যুদ্ধ করে মাদ্রাসায় আসছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।” তিনি আরও জানান, মাদ্রাসাটি স্থানীয়ভাবে একটি ভোটকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়, তাই রাস্তাটি পাকা করা অত্যন্ত জরুরি।
শিক্ষা ও মানবিকতার স্বার্থে শেখার ভিটা মাদ্রাসা গলি রাস্তাটি দ্রুত পাকা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের আহ্বান, প্রশাসন যেন অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটায়।













