দেওয়ানগঞ্জে হিজাবে ঝুলে ৮ম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- আপডেট সময় : ০২:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / 60
জামালপুরের দেওয়ানগঞ্জে হিজাবে ঝুলে আত্মহত্যার ঘটনার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী ইস্মিতা জাহান জুথি (১৩) উপজেলার ডাংধরা ইউনিয়নের বিন্দুরচর গ্রামের বুলবুল আহমেদের মেয়ে এবং কাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সূত্রে জানা গেছে, ইস্মিতা তার মায়ের সঙ্গে মাঝে মাঝে কোয়ার্টারে থাকত। মায়ের দ্বিতীয় স্বামী মোশারফ স্থানীয় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী।

শিক্ষার্থীর মা গণমাধ্যমকে জানান, ঘটনার রাতে খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যায় জুথি। পরে ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় টর্চলাইটের আলোতে জানালার গ্রিলে তাকে হিজাবে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। দ্রুত উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, পারিবারিক জটিলতা ও মায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে মানসিক চাপ থেকেই আত্মহত্যা করতে পারে জুথি। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান গণমাধ্যমকে জানান, মৃত শিক্ষার্থীর পায়ে ও থুঁতনিতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।













