স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
- আপডেট সময় : ০২:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 43
অনলাইন ডেস্ক:
চলমান এইচএসসি পরীক্ষার স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে মোট চার দিনের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। স্থগিত প্রত্যেক দিনের পরীক্ষা আলাদা দিনে নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশোধিত সূচি অনুযায়ী, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার কারণে স্থগিত হওয়া ২২ জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১৯ আগস্ট।
এছাড়া বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে গত ১০ জুলাই স্থগিত হওয়া পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ আগস্ট। অন্যদিকে, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় গত ১৭ জুলাই শুধুমাত্র গোপালগঞ্জ জেলার স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট।
লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তিত হওয়ায় ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২১ আগস্ট থেকে এবং চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
















