৪৪তম বিসিএসে কারিগরি শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রাজিবপুরের শুভ
- আপডেট সময় : ০৮:০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / 81
রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি:
৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে কারিগরি শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কৃতী সন্তান এ.জেড.এম. তাইয়ার শুভ। গত ৩০ জুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এই ফল প্রকাশ করে।
শুভ রাজিবপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নুরুল হক এবং মোছা. আফরোজা খাতুনের জ্যেষ্ঠ সন্তান। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পড়াশোনা শেষ করে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন। বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করে পরবর্তীতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ দেশের একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এ ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজিবপুরের এই কৃতি সন্তান বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ায় পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। অনেকেই শুভর এই অর্জনকে রাজিবপুরের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে দেখছেন।













