২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু
- আপডেট সময় : ০৪:৪৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 72
অনলাইন ডেস্ক: সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হয়।
রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ছিল পরীক্ষার্থীদের উপস্থিতি। নির্ধারিত সময়ের অনেক আগেই শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে এসে উপস্থিত হন। গেটের সামনে তারা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। শিক্ষার্থীদের পরনে ছিল নির্ধারিত ইউনিফর্ম, হাতে ছিল প্রবেশপত্র, কলমসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ। স্বাস্থ্যসচেতন অনেক পরীক্ষার্থীর মুখে মাস্ক এবং হাতে স্যানিটাইজারও দেখা গেছে।
পরীক্ষাকেন্দ্রগুলোর বাইরে ও অভ্যন্তরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কক্ষ পরিদর্শক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও কোনো বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে শুরু হয় পরীক্ষার কার্যক্রম।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ১০ লাখ ৫৫ হাজারের বেশি, মাদ্রাসা বোর্ডের অধীনে ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে রয়েছে প্রায় ১ লাখ ৯ হাজার পরীক্ষার্থী।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রশ্নফাঁস রোধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা, পাশাপাশি পরীক্ষাকেন্দ্রের আশপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা। যথাসময়ে প্রশ্ন বিতরণ ও মূল্যায়নের স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কেন্দ্রভিত্তিক নির্দেশনা।
সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা সম্পন্ন হলে শিক্ষাবর্ষও সময়মতো শেষ করা সম্ভব হবে।
















