ঈশ্বরদীতে বালুমহাল দখলে ফের গুলিবর্ষণ, যুবক গুলিবিদ্ধ
- আপডেট সময় : ০৫:৩৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / 47
অনলাইন ডেস্ক:
পাবনার ঈশ্বরদীতে বালুমহাল দখলকে কেন্দ্র করে আবারও সংঘবদ্ধ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) সকালে সাড়া ও ইসলামপাড়া ঘাট এলাকায় কুখ্যাত ‘কাকন বাহিনী’ এলোপাতাড়ি গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। গুলিতে গরুর রাখাল সোহান হোসেন (২৮) আহত হয়েছেন। তিনি ঈশ্বরদী উপজেলার মাজদিয়া চৌধুরীপাড়া এলাকার সাহাবউদ্দিন মোল্লার ছেলে।
সকাল ৯টার দিকে ঘাস কাটতে গিয়ে গুলির শিকার হন সোহান। প্রথমে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে, প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুরের সন্ত্রাসী গোষ্ঠী ‘কাকন বাহিনী’ দীর্ঘদিন ধরে ঈশ্বরদী, কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর ও নাটোরের লালপুরসহ আশপাশের বিভিন্ন বালুমহাল নিয়ন্ত্রণ করছে। তবে ঈশ্বরদীর সাড়া ঘাটে বৈধ ইজারাদার থাকায় তা দখল করতে পারছে না তারা। এর আগেও গত ৫ জুন কাকন বাহিনী একই ঘাটে গুলি চালায়, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
গুলিবিদ্ধ সোহান বলেন, “আমি ঘাস কাটতেছিলাম। হঠাৎ দেখি স্পিডবোর্ড আর নৌকা থেকে গুলি ছোড়া হচ্ছে। আমি একটু উপরে উঠে দেখছিলাম, তখনই গুলি এসে আমার হাতে লাগে। সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি। পরে লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। একজন গুলিবিদ্ধ হয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সরকারি ইজারাদার মেহেদী হাসান ও টনি বিশ্বাস অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা কাকন ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মিলন চৌধুরীর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী বালুমহাল দখলের চেষ্টা করছে। তারা বলেন, “আমরা বৈধভাবে ইজারা নিয়ে বালুর ব্যবসা করছি। কিন্তু কাকন ও মিলন আমাদের কাছে চাঁদা দাবি করছে। দিতে না চাইলে গুলি চালানো হচ্ছে। কৃষকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কাকন ও যুবলীগ নেতা মিলন চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি, ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।













