নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার পেল ২০ কেজি করে চাল
- আপডেট সময় : ০২:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / 43
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদে ভাঙনের শিকার ৩০০ পরিবারকে ২০ কেজি করে চাল সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৯ জুলাই) দুপুরে চরশৌলমারী ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সাইদুর রহমানসহ স্থানীয় ইউপি সদস্যরা।
জানা গেছে, ব্রহ্মপুত্র নদে পানির প্রবাহ বাড়ায় চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতি, সোনাপুর, ঘুঘুমারী ও নামাজের চর এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে বহু পরিবারের ঘরবাড়ি, ফসলি জমি এবং স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বসতভিটা হারিয়ে অনেক পরিবার আশ্রয় নিয়েছে অন্যের জমিতে।
সাহায্যপ্রাপ্তদের মধ্যে সুখেরবাতি এলাকার বুলবলি খাতুন, সাজেদা খাতুন এবং সোনাপুরের বাহার আলী জানান, দীর্ঘদিন ধরে তারা অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। প্রশাসনের দেওয়া চাল পেয়ে কিছুটা হলেও তারা স্বস্তি পেয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন জানান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে পাওয়া জিআরের ৬ মেট্রিক টন চাল এই সহায়তার জন্য বরাদ্দ দেওয়া হয়।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, “নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে আরও সহায়তা প্রদান করা হবে।”













