২ পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ১৫
- আপডেট সময় : ০১:৫৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / 53
অনলাইন ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উল্টা ও মোল্লা গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সম্পাদক সোহরাব মিয়া (২৮) নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজারে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সোহরাব মিয়া কাঁঠালকান্দি গ্রামের বাসিন্দা ও মৃত চান মিয়ার ছেলে। তিনি মোল্লা গোষ্ঠীর সমর্থক ছিলেন। সংঘর্ষের সময় সোহরাব মিয়া গুরুতর আহত হলে তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাঁঠালকান্দি গ্রামের উল্টা ও মোল্লা গোষ্ঠীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা প্রকাশ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ ঘন্টাব্যাপী চলে এবং আশপাশের এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তপন সরকার জানান, “দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, গোষ্ঠীগত দ্বন্দ্ব ও রাজনৈতিক পরিচয়ের কারণে বারবার এমন সহিংসতার ঘটনা ঘটছে। তারা এ ধরনের সংঘর্ষ ঠেকাতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।













