প্রেমিকার টানে বাংলাদেশে এসে আটক ভারতীয় যুবক
- আপডেট সময় : ০৯:১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / 48
অনলাইন ডেস্ক:
লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমিকার টানে ভারত থেকে বাংলাদেশে এসে আটক হয়েছেন আরিয়ান মির্জা (২২) নামে এক ভারতীয় যুবক। রোববার (২৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃত আরিয়ান মির্জা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বাসিন্দা এবং রাজেস মির্জার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ডাউয়াবাড়ী এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আরিয়ান। প্রেমিকার বিয়ের আশ্বাস পেয়ে তিনি সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন এবং রোববার সকালে প্রেমিকার বাড়িতে পৌঁছান। পরে খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ অভিযান চালিয়ে রাতে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক হওয়ার পর আরিয়ান মির্জা জানান, “দীর্ঘ দুই বছর ধরে আমাদের প্রেম চলছে। প্রেমিকার ডাকে সাড়া দিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তার কাছে এসেছি। আমি এখন বাড়ি ফিরতে চাই।”
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, “ভারতীয় নাগরিক আরিয়ান মির্জা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা সৃষ্টি হয়েছে।













