নোয়াখালীর হাতিয়ায় পুকুরে কুমির! এলাকায় চাঞ্চল্য, জনতার ভিড়
- আপডেট সময় : ০৯:১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 65
নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি বসতবাড়ির পুকুরে কুমির দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, এটি একটি মিঠা পানির কুমির হতে পারে।
বুধবার বিকেলে হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের আমজাদ মজিদ মিয়ার বাড়ির পেছনের পুকুরে কুমিরটি প্রথম নজরে আসে। পুকুরের মালিক মো. মাসুদুল ইসলাম শরীফ জানান, তার স্ত্রী নাহিদা আক্তার পান্না কুমিরটি ভাসতে দেখেন। তাৎক্ষণিকভাবে খবর ছড়িয়ে পড়লে আশপাশের হাজারো মানুষ পুকুর ঘিরে ভিড় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চারদিন আগেও ওই এলাকার ফেরিওয়ালা বেলালের লাকড়ির ঘরের পাশে প্রথম কুমিরটি দেখা যায়। তখন কিছু মানুষ সেটিকে মারার চেষ্টা করলে কুমিরটি পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা শাহেদ উদ্দিন ও শরীফ জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত কুমিরটিকে পুকুরে ভাসতে দেখা যায়। তবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত পুকুরে কুমিরটির আর দেখা মেলেনি। রাতেও কোনো প্রহরা ছিল না, তাই সেটি এখনও পুকুরে আছে কিনা, তা নিশ্চিত নয়।
এ ঘটনায় বন বিভাগ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। হাতিয়া বন বিভাগের বিট কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, “বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে কুমির সদৃশ একটি বস্তু দেখা গেছে। তবে আলো কম থাকায় নিশ্চিত হওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং সকালে পুনরায় বিষয়টি যাচাই করা হবে।”
হাতিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, “আমি বিষয়টি শুনেছি। কেউ কুমির বলেছেন, আবার কেউ বলছেন কুমির সাদৃশ্য কিছু। সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা নিতে জানানো হয়েছে।”
এদিকে কুমির দেখার খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা বিরাজ করছে।













