হিজলায় আমার দেশ প্রতিনিধির উপর বিএনপি নেতার হামলা
- আপডেট সময় : ০৫:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 64
অনলাইন ডেস্ক:
বরিশালের হিজলায় মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার দৃশ্য ছবি ও ভিডিও করায় হামলার শিকার হয়েছেন ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার হিজলা উপজেলা প্রতিনিধি ও হিজলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন মোল্লা।
সোমবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মেমানিয়া ইউনিয়নের পশ্চিম ডাইয়া গ্রামের মেঘনা নদীর তীরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিএনপি নেতা ইদ্রিস মাঝি ওরফে মরু সাংবাদিক ইয়ামিন মোল্লাকে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে হিজলা থানার পুলিশ গিয়ে সাংবাদিককে উদ্ধার করে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এলাকাবাসীর অভিযোগ, ড্রেজার দিয়ে বালু উত্তোলন এবং ইটভাটার জন্য মাটি কাটার কারণেই নদী ভাঙন দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। সোমবার সকালে গুয়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস মাঝি তার ইটভাটার জন্য ভেকু দিয়ে নদীর তীর থেকে মাটি কাটছিলেন।
খবর পেয়ে ইয়ামিন মোল্লা ঘটনাস্থলে গিয়ে ছবি তুলতে গেলে ইদ্রিস মাঝি ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালান, ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেন এবং তাকে অবরুদ্ধ করে রাখেন। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়ে থানায় খবর দেন।
খবর পেয়ে সাব-ইন্সপেক্টর নুরুসহ পুলিশ সদস্যরা দ্রুত গিয়ে সাংবাদিককে উদ্ধার করে। পুলিশের সামনেই ইদ্রিস মাঝি হুমকি দেন, পত্রিকায় সংবাদ প্রকাশ হলে সাংবাদিককে দেখে নেওয়া হবে।
এ বিষয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, ইদ্রিস মাঝি তার জমি থেকে জোরপূর্বক মাটি কাটছে। বাধা দিলেও কোনো কাজ হয়নি। একই অভিযোগ করেছেন স্থানীয় নজরুল ইসলাম কাজীও, যিনি বলেন, বাধা দিতে গেলে মরু তার হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বিএনপি নেতা পরিচয়ে ইদ্রিস মাঝি এলাকায় নানা অপকর্ম করে আসছেন। তার প্রভাবে কেউ মুখ খুলতে সাহস পায় না, এমনকি পুলিশও তার প্রভাবের বাইরে নয় বলে দাবি এলাকাবাসীর।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসেন বলেন, ইদ্রিস মাঝি বর্তমানে বিএনপির কোনো কমিটিতে নেই। ঘটনায় সত্যতা মিললে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
হিজলা থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, সাংবাদিকের উপর হামলার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। অভিযোগ পেলে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।













