রাজিবপুরে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি আটক করেছে বিজিবি
- আপডেট সময় : ০৬:২৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / 54
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুরে ইয়াবা ও হেরোইনসসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের বটতলা ও শীবেরডাঙ্গী এলাকা থেকে মাদক সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মান্নান (৩৬) রাজীবপুর সদর ইউনিয়নের কাচারীপাড়া এলাকার মৃত হানিফ আলীর ছেলে ও স্বপন মিয়া (২৮) যাদুরচর ইউনিয়নের উত্তর আলগারচর এলাকার সাদেক আলীর ছেলে, রাজীবপুর সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী নোয়াপাড়া এলাকার আবু সামার ছেলে হাবিবুর রহমান (৩৫) ও হাসেম আলীর ছেলে রিপন মিয়া (২৬)।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক।
মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায় বুধবার (২১ মে) রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭২-১৮-টি থেকে আনুমানিক সাড়ে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বটতলা নামক এলাকা থেকে ভারতীয় ইয়াবা-২৫ পিসসহ মাদক কারবারি মান্নানকে আটক করে বালিয়ামারী বিওপির বিজিবি সদস্যরা। এ সময় জব্দ করা হয় ১টি মোবাইল সেট, ১টি সিম কার্ড ও নগদ এক হাজার ৫০০ টাকা। একই রাতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭২-এমপি থেকে ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শীবেরডাঙ্গী নামক এলাকা থেকে ভারতীয় হেরোইন-০.০৬০ গ্রাম ও ৫৬ পিস ইয়াবাসহ স্বপন মিয়া, হাবিবুর রহমান ও রিপন মিয়াকে আটক করা হয়। জব্দ করা হয় ২টি মোবাইল সেট, ২ সিম কার্ড ও নগদ এক হাজার ৫০০ টাকা। পরে জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামীদের চররাজীবপুর থানায় জমা করা হয়েছে।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।













