মোহনগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
- আপডেট সময় : ০৯:৪১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / 62
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধ:
‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেলে মোহনগঞ্জ আজমির পাড়া সন্ন্যাসীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোহনগঞ্জ যুব সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাস্তবায়নে সহায়তা করে আরডিআরএস বাংলাদেশ-এর ‘চাইল্ড, নট ব্রাইড’ প্রকল্প, এনআরকে-টেলিথন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল।
ক্যাম্পেইনে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, শতভাগ শিশুর জন্মনিবন্ধন, এবং বিবাহ নিবন্ধনের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বাল্যবিয়ের কুফল তুলে ধরে একটি নাটিকা মঞ্চস্থ করা হয়। নাটিকাটি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন চাইল্ড, নট ব্রাইড প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর হাসানুজ্জামান এবং সভাপতিত্ব করেন মোহনগঞ্জ যুব সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাশহুরা জান্নাত, মোহনগঞ্জ যুব সংগঠনের সাধারণ সম্পাদক রেখা মনি, সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। তারা ইউনিয়নের প্রতিটি গ্রামে ও শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনার কথাও জানান।













