সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- আপডেট সময় : ০২:১৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / 54
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকাল পৌনে ছয়টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন চুনকা কুটির থেকে তাকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে ঘটে যাওয়া মিনারুল ইসলাম হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বর্তমানে মোট পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারের আগেই উত্তপ্ত হয়ে ওঠে দেওভোগ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশ চুনকা কুটিরে প্রবেশ করলে খবর ছড়িয়ে পড়ে শহরজুড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দা ও আইভীর অনুসারীরা রাস্তায় নেমে আসেন। তারা চারদিকের রাস্তা বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে অবরোধ করে আইভীর বাড়ির দিকে যাত্রা করেন। আশপাশের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সাধারণ জনগণকে সেখানে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।
রাতভর চুনকা কুটির ঘিরে রাখেন নেতাকর্মীরা। পুলিশের প্রথম দলটি কার্যত আটকা পড়ে বাড়ির ভেতরে। পরে রাত ১২টার পর অতিরিক্ত ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দীর্ঘ আলোচনা ও অপেক্ষার পর মধ্যরাতের পরে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা আইভীর ঘরে প্রবেশ করে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতার হওয়ার আগে সমর্থকদের উদ্দেশে আইভী বলেন, “তাদের (পুলিশ) বলবা, আমি দিনের বেলা ছাড়া যাবো না। আমাকে নিতে হলে দিনের বেলা আসতে হবে।”
গ্রেফতারের সময় সেলিনা হায়াৎ আইভী ছিলেন দৃঢ় ও শান্ত। তবে পুরো দেওভোগজুড়ে বিরাজ করে উত্তেজনা, ক্ষোভ ও শোকের পরিবেশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা শুধু নারায়ণগঞ্জ নয়, দেশের রাজনীতিতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে।













