ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশি নাগরিক আটক
- আপডেট সময় : ১২:৪৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 44
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন অন্তত তিনজন বাংলাদেশি নাগরিক। বুধবার (৭ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আটককৃতদের মধ্যে শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন-বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের চেরিকুটি গ্রামের রাসেল (৪২), সুমিনগরের বাদামবাড়ি গ্রামের আশরাফুল (৩৫) এবং মোড়লহাট জিয়াবাড়ি গ্রামের শামীম হোসেন (৩২)। চতুর্থ ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ভারতীয় নাগরিক হতে পারেন।
বিজিবি সূত্র জানায়, ওই দিন ভোরে চারজন ব্যক্তি ভারতে অবৈধভাবে অবস্থান করার পর বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছিলেন। এ সময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহল দল ভারতের ভেতর থেকেই তাদের আটক করে। বিজিবির ভাষ্যমতে, আটককৃতরা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন কিংবা চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারেন।
রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, “বিএসএফের হাতে চারজন আটকের খবর জানার পর এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে, তবে কেউই নিশ্চিত করে বলতে পারছেন না তারা কারা। তবে এটি স্পষ্ট যে বাংলাদেশি নাগরিকদেরই আটক করা হয়েছে।”
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। আটককৃতদের মধ্যে ৩ জন বাংলাদেশি এবং ১ জন ভারতীয় নাগরিক বলে মনে হচ্ছে। বিএসএফ পতাকা বৈঠকের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলে আমরা দ্রুত বাংলাদেশিদের ফেরত আনার চেষ্টা করব।”
এ ঘটনায় সীমান্তবর্তী এলাকাজুড়ে উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আটক ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।













