ঈদ সামনে রেখে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ির বড় চালান জব্দ
- আপডেট সময় : ০৯:৩৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / 60
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ঈদুল আযহা উপলক্ষে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ মে) ভোরে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া সীমান্তের মালাই গাঁও এলাকা থেকে এসব শাড়ি জব্দ করা হয়।
সুনামগঞ্জস্থ বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত শাড়ির সংখ্যা ৩৩০ পিস, যার বাজারমূল্য প্রায় ৩১ লাখ ৩৫ হাজার টাকা। এসব শাড়ি ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন মার্কেটে ছড়িয়ে দেওয়ার উদ্দেশে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা হচ্ছিল।
তিনি আরও বলেন, “ঈদকে সামনে রেখে সীমান্তজুড়ে চোরাচালানিদের তৎপরতা বাড়ে। বিজিবি সেই চোরাচালান রোধে অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। নিয়মিত টহল, তথ্যভিত্তিক অভিযান এবং স্থানীয়দের সহযোগিতার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।”
জব্দকৃত শাড়িগুলো প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়া শেষে শুল্ক গোডাউনে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় কোনো চোরাকারবারীকে আটক করা না গেলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।













