সিদ্ধিরগঞ্জে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দুই সন্ত্রাসী আটক
- আপডেট সময় : ১১:২৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 59
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে। রোববার রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা খালপাড় এলাকায় পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন আমির হোসেন ওরফে সনেট (৪০) এবং সজীব (২৩), যাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, আটককৃত দুজনই চিহ্নিত সন্ত্রাসী এবং তারা খানপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তারা সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ক্যাডার হিসেবে পরিচিত এবং তাদের ছত্রছায়ায় মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।
এদিকে, পুলিশের দাবি, আটককৃতরা পুলিশের দিকে পিস্তল তাক করে গুলি চালানোর চেষ্টা করেছিল। তবে পুলিশ অতিরিক্ত ফোর্সের সাহায্যে তাদের আটক করতে সক্ষম হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে দুটি বৈষম্যবিরোধী মামলা রয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধারকৃত পিস্তলের ধরণ (দেশি বা বিদেশি) সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের তদন্ত চলছে এবং আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।













