কুড়িগ্রামে ট্রাক্টর থেকে পড়ে যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
- আপডেট সময় : ১১:১৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 140
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ট্রাক্টর (স্থানীয়ভাবে পরিচিত ‘কাঁকড়া’) থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আমজাদ হোসেন (২৩)। তিনি রাজিবপুর সদর ইউনিয়নের টাঙ্গালিয়া পাড়া (মন্ডলপাড়া) গ্রামের মো. ছবর আলীর ছেলে।
সোমবার (৫ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কাঠ মিস্ত্রির কাজ না থাকায় আমজাদ হোসেন দিনমজুর হিসেবে কাঁকড়া গাড়িতে কাজ করছিলেন। চলন্ত অবস্থায় দুটি গাড়ি মুখোমুখি হয়ে একে অপরকে সাইড দেওয়ার সময় কাঁচা ও ভাঙাচোরা রাস্তায় ট্রাক্টরটি ঝাঁকি খায়। সেই সময় তিনি গাড়ি থেকে পড়ে গিয়ে ঘাড়ে মারাত্মক আঘাত পান। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী লাভলী আক্তার জানান, “আমার স্বামী কাজ না পেয়ে আজ ট্রাক্টরে গিয়েছিল। কিন্তু এমন সংবাদ পাব ভাবিনি। আমার চার বছরের একটা ছোট ছেলে রয়েছে। এখন আমাদের কী হবে জানি না।”
এ বিষয়ে রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় এবং লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের আবেদন করায় তা অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
আমজাদ হোসেনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।













