কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- আপডেট সময় : ০৮:৩৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 90
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে মো. সাকিব (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় সুজন বর্মণ (৩৫) নামের এক ভারতীয় নাগরিক আহত হন।
রবিবার (৪ মে) রাত পৌনে ১২টার দিকে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় সাকিবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (৫ মে) সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত সাকিব মাদলা সীমান্তবর্তী গুচ্ছগ্রামের বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে। আহত সুজন বর্মণ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মঙ্গল বর্মণের সন্তান।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল ইসলাম জানান, ভারতীয় নাগরিক সুজন বর্মণের মাধ্যমে চোরাই মোটরসাইকেল আনার উদ্দেশ্যে সাকিব সীমান্তে যান। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দু’জনই গুলিবিদ্ধ হন। পরে সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। তার মরদেহ নিজ গ্রামে আনা হয়েছে।
এই ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিএসএফের গুলিচালনার বিষয়ে কূটনৈতিকভাবে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
















