মাওলানা রইস হত্যা: খুনিদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামের বিভিন্নস্থানে সড়ক অবরোধ, উত্তপ্ত পরিস্থিতি
- আপডেট সময় : ০৮:৩০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 65
চট্টগ্রামে ব্যুরো:
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতাকর্মীরা। সোমবার (৫ মে) সকাল থেকে নগর ও জেলার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরের মুরাদপুর, ২ নম্বর গেট, বহদ্দারহাট, একে খান ও সল্টঘোলা ক্রসিংসহ একাধিক এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সংগঠনের কর্মীরা। সল্টঘোলা এলাকায় বিক্ষোভকালে পুলিশের বাধা দিলে কিছুক্ষণের জন্য উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া হাটহাজারী, আনোয়ারা, বাঁশখালী, পটিয়া বাইপাস ও চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন তারা। কোথাও কোথাও টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়।
বিক্ষোভকারীরা বলেন, “ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আলেম হত্যার বিরুদ্ধে আর কোনো নরম প্রতিবাদ নয়। এই হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত, রাষ্ট্রীয় নীরবতার ফল।” তারা অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্রের ছত্রচ্ছায়ায় বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হচ্ছে এবং এর বিরুদ্ধে এবার কঠোর কর্মসূচি ছাড়া উপায় নেই।
বক্তারা সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তদন্তের নাটক নয়, দ্রুত খুনিদের গ্রেপ্তার ও ফাঁসি চাই। নইলে শুধু সড়ক নয়, প্রয়োজনে সারাদেশ অচল করে দেব।”
এর আগে ৩ মে চট্টগ্রামে এক সমাবেশ থেকে ৪ মে ‘মার্চ টু গাজীপুর’ এবং ৫ মে দেশজুড়ে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনউদ্দিন আশরাফী।













