সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেয়ার প্রলোভনে প্রতারণা, দুই সদস্য আটক
- আপডেট সময় : ০৬:১৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 66
বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া শহরে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেয়ার নামে প্রতারণা চালানো একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৩ মে) রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত শহরের বড়গোলা টিনপট্টি ও শাকপালা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় সেনাসদস্যরা প্রতারণার শিকার এক পরীক্ষার্থীকে উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার বগুড়া সেনানিবাসে সৈনিক পদের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে অভিযোগ ওঠে, কিছু প্রতারক চক্র প্রার্থীদের সঙ্গে প্রতারণা করছে। ওই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে সেনাবাহিনী শহরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।
বড়গোলা টিনপট্টি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বাইজিদ আলী ও পরীক্ষার্থী সাকিব আলীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকজন প্রার্থীর শিক্ষা সনদের মূল কপি, ফাঁকা চেক এবং স্ট্যাম্প উদ্ধার করা হয়। পরে বাইজিদ আলীর স্বীকারোক্তি অনুযায়ী, শাকপালা এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা তাহের আলী রঞ্জুকে আটক করা হয়।
পুলিশ জানায়, এই চক্রটি সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ অন্যান্য সরকারি বাহিনীতে চাকরি পাইয়ে দেয়ার নামে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে শিক্ষা সনদ, ফাঁকা চেক ও স্ট্যাম্প সংগ্রহ করে এবং চাকরি দেওয়ার নামে প্রতারিতদের কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করত। তবে, সেনাবাহিনীর সঙ্গে এই চক্রের কোনো সম্পর্ক ছিল না।
সেনাবাহিনীর পক্ষ থেকে আটক দুই সদস্যকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।













