জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল দ্রুত শুনানির জন্য আবেদন
- আপডেট সময় : ০৬:১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 51
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী বাংলাদেশের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আপিলের দ্রুত শুনানির আবেদন করা হয়েছে। রবিবার (৪ মে) সকালে, দলটির পক্ষে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী আপিল বিভাগে এই আবেদন করেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ জামায়াতের আবেদন গ্রহণ করে আগামী মঙ্গলবার (৬ মে) বা বুধবার (৭ মে) শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
এ সময়, জামায়াতের আইনজীবী ব্যারিস্টার সিদ্দিকী আপিল বিভাগকে বলেন, ২০১৩ সালে হাইকোর্টের রায়ের পর থেকে জামায়াতের নিবন্ধন বাতিল নিয়ে আইনি প্রক্রিয়া চলছে, তবে হুট করেই আপিলের শুনানি বন্ধ হয়ে যায়। তাই দলটির নিবন্ধন ইস্যুতে দ্রুত শুনানির প্রয়োজনীয়তা তিনি পুনরায় তুলে ধরেন।
গত ৩ ডিসেম্বর প্রথম দিনে জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগের সামনে আনা হয়েছিল। পরবর্তীতে ২২ অক্টোবর, আপিল বিভাগ জামায়াতের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিলটি পুনরুজ্জীবিত করে আদেশ দেন, যা দলটির জন্য আইনি লড়াইয়ের নতুন সুযোগ তৈরি করে।
২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট এক রিটের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে। এরপর, ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন জামায়াতে ইসলামী দলের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। বর্তমানে জামায়াত তার নিবন্ধন পুনরুদ্ধারের জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।













