ঢাবিতে শেখ হাসিনার কুশপুতুল ফাঁসিতে ঝুলিয়ে প্রতিবাদ, জুতার আঘাতের পর সরালো প্রশাসন
- আপডেট সময় : ০৫:১৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 48
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুতুল ফাঁসিতে ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছে ‘জাগ্রত জুলাই’ নামে একটি সংগঠন। বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক বার্তাবহ এই কর্মসূচি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় কুশপুতুলটি ভাস্কর্যের পাশে ঝুলিয়ে রাখা হয়। পরদিন শনিবার হেফাজতে ইসলামের সমাবেশে যোগ দিতে আসা একদল কর্মী কুশপুতুলটিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। পরে রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কুশপুতুলটি অপসারণ করা হয়।
প্রক্টরিয়াল টিমের সদস্য মো. আব্দুল্লাহ বলেন, “কয়েকজন ব্যক্তি বৃহস্পতিবার কুশপুতুলটি রেখে যায়। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি বলেই অনেকেই ধারণা করছেন। হেফাজতের কর্মীরাও সেটিকে লক্ষ্য করেই জুতা ছুঁড়েছে।”
ঘটনার প্রত্যক্ষদর্শী টিএসসি এলাকার চা বিক্রেতা রাসেল মিয়া বলেন, “দুই দিন ধরে কুশপুতুলটি ঝুলে থাকতে দেখেছি। সবাই বলছে এটি শেখ হাসিনার কুশপুতুল। আজ দেখলাম কয়েকজন জুতাও মেরেছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমেদ বলেন, “জাগ্রত জুলাই নামের একটি সংগঠন প্রতিবাদস্বরূপ কুশপুতুলটি টানিয়ে রেখেছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার রাতে সেটি সরিয়ে নেয়।”
এ ঘটনায় এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো লিখিত বিবৃতি বা আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু হয়নি। তবে শিক্ষার্থী ও সচেতন মহলের মতে, বিশ্ববিদ্যালয় চত্বরে এমন কার্যক্রম উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী।













