জামালপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদলের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / 131
মোঃ ইব্রাহিম খান, (জামালপুর প্রতিনিধি) ১৮৮৬ সালের ১ মে, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে কর্মঘণ্টা নির্ধারণসহ ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের রক্তক্ষয়ী আত্মত্যাগের স্মরণে প্রতি বছর ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ বা ‘মে দিবস’ পালিত হয়ে আসছে। এই ঐতিহাসিক দিনে বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এই উপলক্ষে ২০২৫ সালের ১ মে, বৃহস্পতিবার সকালে জামালপুর জেলা শ্রমিকদলের আয়োজনে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ। সকাল ১০টা থেকে শহরের বিভিন্ন স্থান থেকে শ্রমিকদলের নেতাকর্মী, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণশ্রমিক, পরিবহন, বাস ও ট্রাকশ্রমিকসহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে শহরের শফি মিয়া বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে আয়োজন করা হয় এক গণজমায়েত ও আলোচনা সভার।
সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেজ আলী মামুন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শ্রমিকদলের সিনিয়র সভাপতি আবু হান্নান সরকার, সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহিন।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সব সময় শ্রমজীবী মানুষের পাশে ছিল এবং থাকবে। তারা শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের বৈষম্য না করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে, বক্তারা অভিযোগ করেন যে, বিগত আওয়ামী লীগ সরকার আমলে শ্রমিকদের প্রতি নানা রকম বৈষম্য ও অবহেলা করা হয়েছে, যা আজও চলমান।
সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালি শফি মিয়া বাজার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শফি মিয়া বাজারে এসে শেষ হয়।













