বাসভাড়া বেশি নিলে ব্যবস্থা, ছিনতাইয়ে জিরো টলারেন্স : জিএমপি কমিশনার
- আপডেট সময় : ০১:৩৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / 96
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান জানিয়েছেন, কোনো অবস্থাতেই মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উঠতে দেওয়া হবে না। ঈদ উপলক্ষে বাসের ভাড়া বেশি নেওয়া হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মহানগর পুলিশ ছিনতাই রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে তিনি জানান।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চান্দনা চৌরাস্তায় ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
কমিশনার বলেন, অটোরিকশা মহাসড়কে উঠলে তার বিরুদ্ধে ডাম্পিংসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অটোরিকশাগুলোকে মহাসড়ক থেকে ১০০ মিটার দূরে ফিডার রোডে অবস্থান নিতে হবে এবং সেখানেই যাত্রী ওঠানামা করতে হবে। এজন্য চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে মহাসড়কের ওপর থেকে হকার উচ্ছেদ করা হয়েছে, অবৈধ পার্কিং সরিয়ে দেওয়া হয়েছে এবং যান চলাচলে শৃঙ্খলা আনতে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক কাজ করছে। এছাড়া, কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন ছাড়া অন্য সব ট্রাক ও ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে।
নগরীতে ছিনতাই প্রসঙ্গে কমিশনার বলেন, আগের তুলনায় ছিনতাই অনেক কমে এসেছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এমনকি অভিযানের সময় পুলিশের এক সদস্য গুরুতর আহত হলেও অভিযুক্তকে ছাড়া হয়নি। ছিনতাইকারীদের ধরতে গোপন অ্যাম্বুশ পদ্ধতিও ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও বলেন, অনেকেই চাকরি হারিয়ে ছিনতাইয়ে নেমেছে। যারা তাদের পেছনে মদত দিচ্ছে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















